
দূষণমুক্ত নদীর দাবীতে ঢাকার বালু নদীর তীরবর্তী ইটাখোলা, ত্রিমোহনী ও খিলগাঁও এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম ও বারোগ্রাম বালুনদী মোর্চার যৌথ আয়োজনে বালু নদী উৎসবের অংশ হিসেবে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক সদস্য ও ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ওয়াটারকিপার্স বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নৌকাবাইচ প্রতিযোগিতাটি কায়েতপাড়া থেকে শুরু হয়ে ইটাখোলা এসে শেষ হয়। শনিবার দিনব্যাপী বালু নদী উৎসবের অন্যান্য কর্মসূচী অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী বক্তব্যে শারমীন মুরশিদ বলেন, ‘আনন্দ উৎসবের মধ্য দিয়ে নদীকে রক্ষা করাই আমাদের আয়োজনের উদ্দেশ্য’।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, ‘নদী আমাদের জীবনের অংশ, নদী আমাদের উৎসবের অংশ। এই বালু নদীর পানি আগে মানুষ পান করতো, কিন্তু এই নদীর পানি এখন বিষের মত কালো। এই নৌকাবাইচ অনুষ্ঠানের মাধ্যমে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বালু নদীকে দূষণমুক্ত করাই আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্য’।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আকবর হোসেন বলেন, আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান হলো নৌকাবাইচ, কিন্তু বর্তমানে নদী দূষণের কারণে কোথাও এখন নৌকাবাইচ দেখা যায় না। তাই নদী দূষণের বিরুদ্ধে জনগণের সচেতনতা তৈরির জন্যই আজকের এই আয়োজন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বারোগ্রাম বালু নদী মোর্চার আহ্বায়ক মো. সুরুজ মিয়া ও সদস্য সচিব মো. আমজাদ হোসাইনসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।