
রাজধানীর কাফরুলে ছাদ থাকে পড়ে তানিয়া আক্তার (২১) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় পূর্ব কাজী পাড়া মাদ্রাসা রোড এলাকার একটি বাসার ছয়তলা ভবন থেকে পড়ে যান ওই গৃহকর্মী। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার দিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তানিয়ার গৃহকর্তা আশরাফুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আনা হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
গৃহকর্তা আশরাফুজ্জামান জানান, নিহত তানিয়া কাজের মেয়ে সন্ধ্যার দিকে বাসার ছয়তলা ভবন থেকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের শান্তিবাগ এলাকায়। বর্তমানে কাফরুলের পূর্ব কাজী পাড়া মাদ্রাসা রোড এলাকার ইউপিএল কুইন পার্ক ৩০৬ নম্বর বাসার ৬ তলায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আনা হয়েছে। আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
/জেডও