রাত ১২ টায় ওষুধের দোকান বন্ধ করতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছিলো ডিএসসিসি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ওই নির্দেশ কার্যকর করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ওষুধের দোকান বা ফার্মেসী জরুরি সেবা হিসাবে সার্বক্ষণিক খোলা থাকার কথা। ওষুধ অন্যান্য নিত্যপণ্যের মত নয়। কার কখন কী ওষুধের প্রয়োজন পরে- এর কোনো সময়সীমা নেই। হঠাৎ রাতে কেউ অসুস্থ হয়ে গেলে ওষুধ কই পাবে এমন প্রশ্নও তুলেন অনেকেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সর্বত্রই সমালোচনা শুরু হয়।
আনিক রহমান নামের পুরাণ ঢাকার এক বাসিন্দা তার ফেসবুকে লিখেন, কে কোন সময় অসুস্থ হবে তা কি আগে থেকে বলতে পারে কেউ। ১২টার পর ফার্মেসি বন্ধ থাকলে অনেকেই বিপদে পড়বেন। তার পোস্টে কমেন্ট করেন অনেকেই। নাদিয়া সরকার নামে একজন লিখেছেন, তাহলে সিটি করপোরেশন আগে থেকে আমাদেরকে বলে দিক কবে কার কি অসুখ হবে। আমরা সে অনুযায়ী ওষুধ কিনে রাখব। গোলম মস্তোফা নামের একজন লিখেন, ওষুধ আর অন্য ব্যবসায় একসঙ্গে মিলালে হবে না। ওষুধের দোকান সব সময় খোলা রাখা উচিৎ।
নারিন্দার বাসিন্দা সাঈদ হোসেন লিখেন, রাতে যদি ফার্মেসী বন্ধ তাহলে আমরা যাবো কোথায়? হয় কেরানিগঞ্জ না হয় উত্তরা যেতে হবে।
তাছাড়া জনগুরুত্ব বিবেচনা করে এমন সিদ্ধান্ত থেকে ডিএসসিসিকে সরে আসা উচিৎ বলে মনে করছেন অনেকেই।
ওষুধ ব্যবসায়ীরাও বলছেন, রাতের বেলা তাদের বেচাকেনা কম হলেও অনেক মানুষ বিপদে পড়ে আসেন। অনেক এলাকায় শিডিউল করে রাতের বেলা অন্তত একটি করে ফার্মেসি চালু থাকার নিয়ম রয়েছে।
শাহবাগ এলাকার তিনজন ওষুধ বিক্রেতা সময়ের আলোকে জানান, ওষুধ মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন। কেউ অসুস্থ হয়ে গেলে তার জন্য ওষুধটা জরুরি। সরকার সেই চিন্তা করে এমন সিদ্ধান্ত থেকে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে ডিএসসিসি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে এখনো অনড় রয়েছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে ১২ টার পর সাধারণ ফার্মেসী এবং ২টার পর হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ফার্মেসী বন্ধ করে দিতে হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বরাত দিয়ে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সময়ের আলোকে বলেন, এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান লিখিতভাবে জানালে তা আমরা ভেবে দেখব।
প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএসসিসি আপাতত গণবিজ্ঞপ্তিতে দেওয়া সিদ্ধান্তেই আছে।
/ডিএফ