বছর শেষে সরগরম নিম্ন আদালত

মোহাম্মদ গাফফার হোসেন

আইন-আদালত

বিভিন্ন ঘটনায় আলোচিত ২০২২ সাল বিদায়ের দ্বারপ্রান্তে। সারা দেশের মতো আদালত অঙ্গনও ছিল অনেক ঘটনার সাক্ষী। বছরের শুরু ও মাঝে

2022-12-28T12:03:47+00:00
2022-12-28T12:03:47+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আইন-আদালত
বছর শেষে সরগরম নিম্ন আদালত
মোহাম্মদ গাফফার হোসেন
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:০৩ পিএম   (ভিজিট : ৩১৩)
বিভিন্ন ঘটনায় আলোচিত ২০২২ সাল বিদায়ের দ্বারপ্রান্তে। সারা দেশের মতো আদালত অঙ্গনও ছিল অনেক ঘটনার সাক্ষী। বছরের শুরু ও মাঝে ছিল নীরবতা, তবে শেষের দিকে ছিল সরগরম।

২০ নভেম্বর দিনেদুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, যা আগে কখনো আদালত অঙ্গনে ঘটেনি। এ ছাড়া বছরের শেষের দিকে এসে রাজনৈতিক মামলায় উত্তপ্ত হয়ে ওঠে আদালতপাড়া। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার ও কারাবরণ ছিল আলোচনার শীর্ষে। এর মধ্যে অন্যতম ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেফতার এবং পরবর্তী কারাগারে প্রেরণ। 

এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গ্রেফতার ও রিমান্ডে প্রেরণ। তাদের গ্রেফতারের পর আদালতে হাজির করাকে কেন্দ্র করে আদালত অঙ্গন ছিল বেশ সরগরম। সরকারি ও বিরোধীদলের আইনজীবীদের মুখোমুখি অবস্থান ও উভয় পক্ষের মিছিল ও বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল আদালতপাড়া। এ ছাড়া বছরের অন্যতম ঘটনা ছিল সরকারদলীয় সংসদ সদস্য হাজী সেলিমের আত্মসমর্পণের পর কারাগারে যাওয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুরের পর পুনরায় উচ্চ আদালত থেকে জামিন বাতিলের পর কারাগারে যাওয়া। তবে এত ঘটনার মধ্যে ব্যতিক্রম ছিল গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে গ্রেফতার ও কারাগারে পাঠানো।

অন্যদিকে ঢাবির প্রশ্নপত্র ফাঁসের মামলা, পরীমণির বিরুদ্ধে মাদক মামলা, রিজেন্টের চেয়ারম্যান সাহেদের মামলা, নাসির-তামিমার মামলা, এসকে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা করায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলা, পরীমণির করা নাসির-অমির মামলা, স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ-সাহেদের মামলা, পিকে হালদারসহ ১৪ জনের মামলা ও অভিনেত্রী শিমু হত্য মামলার মতো অনেক গুরুত্বপূর্ণ মামলার বিচার শুরু হওয়া ছিল আদালত অঙ্গনের গুরুত্বপূর্ণ ঘটনা। এ ছাড়া অনেক গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রমও শেষ হয় বিদায়ি বছরে। যার মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল- ডেসটিনির অর্থ পাচার মামলা, ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের মামলা, ডিআইজি মিজান ও বাছিরের মামলা, হোসনি দালানে বোমা হামলা, হুমায়ুন আজাদ হত্যা মামলা, এনু-রুপনের অর্থ পাচার মামলা ও জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর মামলার রায়। তবে করোনার প্রভাবে নিয়মিত আদালতের কার্যক্রম দুই দফায় দীর্ঘদিন বন্ধ থাকায় সব প্রকারের মামলার বিচার বিলম্বিত হয়। এতে করে বিচারপ্রার্থী ও বিচার সংশ্লিষ্ট সবাই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। করোনা-পরবর্তীতে আদালতের কার্যক্রম সশরীরে চালু হলে সব মামলার বিচার কার্যক্রমে গতিশীলতা আসে। যার ফলে বিচারপ্রার্থী ও বিচার সংশ্লিষ্ট সবাই এ ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

তদন্তাধীন আলোচিত মামলা

আদালত থেকে জঙ্গি ছিনতাই : গত ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এ সময় আসামি আরাফাত ও সবুরকেও ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। পরে ঘটনাস্থল আরাফাত ও সবুরকে আটক করা হয়। এ ঘটনায় ঢাকার সিএমএম আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বাদী হয়ে ২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ৭ নভেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রিজভী-আমানসহ ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মী কারাগারে আটক আছেন। এ মামলায় গ্রেফতারের পর তাদের আদালতে হাজির করা হলে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ করেন।

জামায়াত আমির গ্রেফতার : জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাস দমন আইনের মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এসকে সিনহার বিরুদ্ধে মামলা : যুক্তরাষ্ট্রে তিনতলা বাড়ির সন্ধান পাওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মামলা করা হয়। গত ৩১ মার্চ এসকে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যা মামলায় ১৫ বন্ধুকে আসামি করে মামলা করা হয়। এ ঘটনায় ১৫ জুলাই বিকালে সানির বড় ভাই হাসাদুজ্জামান বাদী হয়ে হত্যা মামলা করেন।

বাবুল আক্তারের বিরুদ্ধে বনজ কুমারের মামলা : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও বিশেষ ক্ষমতা আইনের মামলা করেছে। পরবর্তীতে এ মামলায় বাবুল আক্তারকে এক দিনের রিমান্ড নেওয়া হয়।

আলোচিত মামলার বিচার শুরু

ঢাবির প্রশ্নপত্র ফাঁসের মামলায় বিচার শুরু : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় ১২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

পরীমণির বিচার শুরু : মাদকদ্রব্য আইনের মামলায় আলোচিত চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠিত হওয়া অন্য আসামিরা হলেন- পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।

রিজেন্টের চেয়ারম্যান সাহেদের বিচার শুরু : প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বিচার শুরু হওয়া অন্য আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ, রিজেন্ট কেসিএস লিমিটেডের জেনারেল ম্যানেজার শিপন আলী।

নাসির-তামিমার বিচার : অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী এয়ারলাইন্স কোম্পানি সৌদিয়ার কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

নাজমুল হুদার বিরুদ্ধে বিচার শুরু : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাল্টা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

নাসির-অমির বিরুদ্ধে বিচার শুরু : চিত্রনায়িকা পরীমণিকে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বিচার শুরু হওয়া অন্য আসামি হলেন শহিদুল আলম।

আজাদ-সাহেদের বিচার শুরু : করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় অনিয়মের অভিযোগে দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বিচার শুরু হওয়া অন্য আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

গোল্ডেন মনিরের বিচার শুরু : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে বিচার শুরু : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বিচার শুরু হওয়া অন্য আসামিরা হলেন- অবন্তিকা বড়াল, শংখ বেপারি, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, পিকে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

অভিনেত্রী শিমু হত্য মামলার বিচার শুরু : অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও নোবেলের বাল্যবন্ধু এসএম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আলোচিত মামলার রায়

ডেসটিনির অর্থ পাচার মামলা : গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের ৮ বছর জেল : ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের অভিযোগে দুদকের করা মামলায় সিলেটের সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ডিআইজি মিজান ও বাছিরের কারাদণ্ড : অবৈধভাবে তথ্য পাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের তিন বছর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে খন্দকার এনামুল বাছিরকে ৮০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

হোসনি দালানে বোমা হামলা মামলা : পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় করা মামলায় দুই জঙ্গির কারাদণ্ড এবং ছয়জনকে খালাস দিয়েছে আদালত।

জেএমবির চার সদস্যের মৃত্যুদণ্ড : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় জেএমবির চার সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এনু-রুপনের কারাদণ্ড : অর্থ পাচার আইনের মামলায় রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক এনু ও তার ভাই যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়াসহ ১১ জনের সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের চার কোটি টাকা জরিমানা করা হয়েছে। এটি তাদের বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে প্রথম রায়।

জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর যাবজ্জীন : অস্ত্র আইনের মামলায় কথিত যুবলীগ নেতা ও ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ডিআইজি প্রিজন্স বজলুর রশিদের মামলা : অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদফতরের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া রাষ্ট্রের অনুকূলে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।



Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: