৬টি গুচ্ছ কবিতা

ইথার আখতারুজ্জামান, মাহবুব জামিল পুলক, সাকী আহমদ, ফারহান আবিদ, শানারেই দেবী শানু ও তানবীর সাজিব

সাহিত্য

ইথার আখতারুজ্জামান, মাহবুব জামিল পুলক, সাকী আহমদ, ফারহান আবিদ, শানারেই দেবী শানু ও তানবীর সাজিবের কবিতা নিয়ে সাজানো সময়ের আলোর

2023-08-19T17:55:41+00:00
2023-08-19T17:55:41+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সাহিত্য
৬টি গুচ্ছ কবিতা
ইথার আখতারুজ্জামান, মাহবুব জামিল পুলক, সাকী আহমদ, ফারহান আবিদ, শানারেই দেবী শানু ও তানবীর সাজিব
প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৪৯৬৬)
ইথার আখতারুজ্জামান, মাহবুব জামিল পুলক, সাকী আহমদ, ফারহান আবিদ, শানারেই দেবী শানু ও তানবীর সাজিবের কবিতা নিয়ে সাজানো সময়ের আলোর '৬টি গুচ্ছ কবিতা'

আক্ষেপের ডানা
ইথার আখতারুজ্জামান

একদিন তোমার আক্ষেপের ডানায় ভর করে
আমার মৃত্যুদিন চলে আসবে।
অনেক কিছুরই অপেক্ষা ফুরিয়ে যাবে,
তোমার আমার।
চাওয়া পাওয়ার হিসেবগুলো মেলাতে পারবে না
পৃথিবীর কোনো ক্যালকুলেটর।
তোমার জানা হয়ে যাবে
দাঁড়িয়ে থেকে চলে যাওয়া দেখতে কেমন।
কবি মরে গেলে কবিতারা হয়ে যায়,
কতটা একা।
তুমি টের পাবে,
নীরবতা কতটা চোখ শূন্য জলে নকশা আঁকলে পরে
তাকে বলে সত্যিকারের স্তব্ধতা।
এতকিছু জানাজানির পরও
তোমার অনেক কিছু থেকে যাবে অজানা।
তোমার কখনই জানা হবে না
কতটা ব্যথা বুক থেকে সেচলে পরে,
কতবার কতভাবে মরণ হলে
‘ভালোবাসা যাচ্ছে না আর’
এমন একটা কথার ভয়াবহতা!
তুমি ভালো থেকো,
যেভাবে থাকে ফসল শূন্য মাঠে
একটা কাকতাড়ুয়া একা।



দশ বাই দশ
মাহবুব জামিল পুলক

কেমন করে যেন ছিটকে গেল জীবন 
গোলক ধাঁধায় কক্ষচ্যুত হয়ে এদিক সেদিক
আরাধনার নিমগ্ন নিবিড় সাজানো বাসর 
তিমির রাতে আঁধারের আলিঙ্গন শোষনে
একলা পথিক হয়ে হেঁটে চলে সে অজানায়
চাঁদের আলোতে দীর্ঘায়িত হয় না ছায়াগুলো
ঘোলাটে স্মৃতির মায়াজালে আটকে জীবন
একটা একটা করে ক্যালেন্ডারের পাতা ওল্টায়।

অসুরের ঘাড়ে চেপে অভ্যাসটা বাঁকা চোখে তাকায়
অসুন্দর বুকে চেপে রঙিন রং মাখে মুখোশের মুখ,
কামনার গুপ্ত পিপাসায় প্রলুব্ধ আত্মার ভিতর
জমতে থাকে এক একটা জারজ বিষাক্ত বীজ, 
প্রতিটি ঘর জ্বলতে থাকে অবিশ্বাস আর প্রতারণায়
মেরুদণ্ডহীন ভণ্ডামির আড়ালে সুচারু অভিনয়,
আবর্জনার স্তুপে মাতাল হয়ে পড়ে থাকে প্রেম
আর খণ্ডিত ভালোবাসা অত্যাচরের বলি হয়ে
বেঁচে থাকে অসুন্দরের ক্রীতদাস হয়ে নগরীর
সংসার নামক দশ বাই দশ কামরার কারাগারে।



আগের মতো নই
সাকী আহমদ

কথা ছিল ফের দেখা হবে
মিছিলের ভিড় ঠেলে
কথা ছিল ফের কথা হবে
নতুন এক ভোর এলে।

কথা ছিল মুঠোভরা গান
মিলিয়ে নেবো এক সুরে
কথা ছিল সব মিলবে হিসেব
প্রিয়তম এই শহরে…

কোথায় হারালো কথাগুলো
কোথায় হারালি ‍তুই
আমিও বেশ বদলে গেছি
আগের মতো নই।




একা থাকারও একা লাগে
ফারহান আবিদ

একটা সাগর সমান একা হয়া বইসা আছি,
নিয়া আছি প্রচুর কথা।
প্রচুর চাওয়া পাওয়ার ফাউ প্যাঁচাল,
ক্যান দিন থেইকা রাত হয়,
ক্যান রাত গড়াইলে ঘুমাইতে হয়,
ক্যান ঘুমের দরজায়
ল্যাটকায়া পইড়া থাকতে হয়,
তাও দরজাটা খুলে না।
ক্যান যা চাই তার কোনটা পাইলেও বুঝি না,
ক্যান যা চাই তার কোনটা পাই না,
ক্যান সময় থাইমা থাকলে মনে হয়, বাইচা আছি কিনা বুঝি না।
ক্যান সময় দৌড়াইলে মনে হয়, আরেকটু থাক না শালা!
একটা সাগর সমান ফ্যালফ্যাল কইরা চায়া আছি,
নিয়া আছি প্রচুর আমাদের সাথে আমাদের বইলা দেয়া অজানা
গল্পদের ঢল।
দূর থেকে দূরে হারায়া যাওয়া নীল রঙের আবজাব।
বাতাসে কাইটা যাওয়া নব্বই দশকের ঘুড়ির সুতা,
চোখে কানে কাইটা যায় তার ধারে,
তোমার সাথে, নাইলে একা হয়া যাওয়ার সাথে,
কপালে কপাল লাগায়া একা হয়া যাওয়ার ঘ্রাণ নেই,
ভুইলা গিয়া ভালোই থাকি? নাকি?
বুঝি না,
চলো তো বুঝার একটু চেষ্টা করি!
সেই একা থাকাটা ভালো আছিলো?
নাকি এই জোড়গন্ধা সন্ধ্যায়, তুমি সহ একা?
ভরা বুকে একমাথা ছোপছোপ একা থাকা নিয়া বইসা আছি,
আহা!




বায়োস্কোপের জোকার
শানারেই দেবী শানু

নাগরিক যন্ত্রণার কোলাহলে
দীর্ঘশ্বাসের গোপন কলরোলে
যেন নিয়ন আলোর ঝিলিকমিলিক
খুঁজছে অবিরাম মায়ার ঝিলিক।

আর্তনাদের মুখ চেপে
রঙ ঝলমল পোষাক মেপে
জোকার কিন্তু ভীড়ের মাঝেও
অবিরত ক্রেতা খুঁজে
বেচতে স্বপ্ন
বায়োস্কোপের ভাঁজে ভাঁজে।
মাথায় রঙীন চুলের ঢালে
নীল কমলার রঙের জালে 
বাজার কাটতি সুরের তালে
নাচছে দেখো জোকার,
কোমর দুলে হেলে দুলে।

জীবন বায়োস্কোপে তাকিয়ে দেখো,
শত শত রঙীন সুখের খোলসে,
বিদ্রুপ করে নাচছে যেন দুঃখ
জীবন ব্যথার ছন্দ তালে।
রঙ বেরঙের আলখাল্লায়
ক্রেতার দল মুগ্ধ হলে,
বিক্রি হচ্ছে স্বপ্ন দলে দলে।
তবু ঝোলার ভিতর দুঃখ ভরে
রাখছে লুকিয়ে যত্নে অগোচরে।
মিথ্যে নিয়ন চাঁদের মায়ায়
মিথ্যে মুখোশ মুখে চেপে
দাড়িপাল্লায় কষ্ট মেপে
করছে বিক্রি জীবন,ছলে বলে।
নাচছে দেখো জোকার
কোমর দুলে হেলে দুলে।

“আসেন আসেন দেইখ্যা যান,
বায়োস্কোপের বাক্সের ভিতর
জীবনডারে মাইপ্যা যান।”



অসম্পূর্ণ, বা ভুল
তানবীর সাজিব 

ইদানিং যা কিছু দেখি বা দেখতে চাই, 
মনে হয় কিছুটা অসম্পূর্ণ, বা ভুল;
স্বপ্নাতীত দুঃস্বপ্নে, স্বপ্নেরা কাঙ্গাল 
আপাতমধুর জীবনে ভীষণ হুলুস্থুল! 

এ বছর বর্ষা একটু আগেই এসেছে; 
শহর জুড়ে দেখিনি একটিও কদম ফুল;
শুনেছি, চারিদিকে কদম ফুলের ছড়াছড়ি;
আমার দেখাটাই হয়ত অসম্পূর্ণ, বা ভুল! 

এই শহরের কত রাস্তা আর পার্ক হেঁটেছি;
ভালোলাগা ছিল, হোক সে - নৈশব্দ বা কোলাহল;
শুধু  "তুমি" নামক ভালোলাগার অনুপস্থিতি; 
আর তাতেই আমি অসম্পূর্ণ; হয়ত সবটাই ভুল। 

চলো, আর একটিবার চেষ্টা করি; ভালোবাসায় ভরুক আমাদের পৃথিবীর আকাশ, জল ও স্থল;
এসো, আমাদের অসম্পূর্ণ পথচলাকে সম্পূর্ণ করি,
শেষবারের মতো একসাথে করি একটি ভুল!

/আরএ


  বিষয়:   ইথার আখতারুজ্জামান  মাহবুব জামিল পুলক  সাকী আহমদ  ফারহান আবিদ  শানারেই দেবী শানু  তানবীর সাজিব 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: