১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে খুন হন জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান। এরপর থেকেই দিনটি পরিচিত হয় জেলহত্যা দিবস হিসেবে।
রাষ্ট্রীয় হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেলহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সারা দেশে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে উঠে এসেছে বিস্তারিত:
দিনাজপুর: জেলহত্যা দিবস উপলক্ষে দিনাজপুরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া-মাহফিল।
সিলেট: জেলহত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানসহ অন্যরা।
বানারীপাড়া: বরিশালের বানারীপাড়ায় জেলহত্যা দিবস উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
হিলি: দিনাজপুরের হিলিতে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় হিলি বাসস্ট্যান্ড-সংলগ্ন নবনির্মিত দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও বঙ্গবন্ধুসহ তাদের আত্মার মাগফেরাত কামনা করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
হোসেনপুর: কিশোরগঞ্জে জেলার হোসেনপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগীর আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় হোসেনপুর পৌরসভার ফায়ার সার্ভিস-সংলগ্ন শহিদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, উপজেলা যুবলীগ, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে জেলহত্যা দিবস পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, নিহত চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহ-সভাপতি প্রভাত কুশুম ব্যানার্জী বাবুল ও বদিউজ্জামান বদি, যুগ্ম সম্পাদক হাফিজুল হক বকুল ও বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মণ্ডল ও ইমদাদুল হকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জেলহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑসিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ।
অভয়নগর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অভয়নগরে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুলের সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধায় শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও শোক দিবসের পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।
সময়ের আলো/জিকে