অবরোধের তৃতীয় দফায় ১৯ গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফায় ২ দিনের অবরোধে ১৯টি গাড়িতে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর)

2023-11-09T19:59:13+00:00
2023-11-09T19:59:13+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
*ডিএমপিতে ১২ দিনে গ্রেফতার ১ হাজার ৭৩৭ *সবাইকে আইনের আওতায় আনা হবে : ডিএমপি
অবরোধের তৃতীয় দফায় ১৯ গাড়িতে আগুন
চলমান সহিংসতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৭:৫৯ পিএম 
বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফায় ২ দিনের অবরোধে ১৯টি গাড়িতে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এরমধ্যে রাজধানীতে (হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি, শাহজাদপুর, ভাটারা ও মগবাজার) ৮টি, গাজীপুরে ৩টি, খাগড়াছড়িতে ১টি, বগুড়ায় ২টি, বরগুনায় ২টি, গৌরনদীতে ১টি, নোয়াখালীতে ১টি, সিরাজগঞ্জে ১টি গাড়িতে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর ও স্থানীয় থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। অবরোধচলাকালীন সময়ে রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল বের করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ঢাকায় যানচলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়ি চলাচল ছিল তুলনামূলক খুব কম। ৪৮ ঘন্টা অবরোধ চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষবাধে। এসময় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবারবুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ কমসূচি ঘিরে সহিংসতার শুরুর পর গত বুধবার পর্যন্ত ১২ দিনে ঢাকায় বিএনপির এক হাজার ৭৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময়ে ডিএমপির বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে ১১৯টি।

জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান জানান, অবরোধ চলাকালীন সময়ে গত বুধবার বিকাল ৪টা থেকে বৃহস্পতিবার দুপুর ১ টা পর্যন্ত সারাদেশে ৩৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও গত ২৫ অক্টোবর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৯৩৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এসময়ের মধ্যে ৩জন নিহত ও আহত হয়েছেন প্রায় ৪শ’ জন। তাদের মধ্যে ১৫জনের অবস্থা গুরুত্বর। আর পুলিশের ছোড়া গুলিতে ২জন নেতাকর্মী আহত হয়েছেন।
    
অপরদিকে অবরোধ চলাকালে রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেয়ার সময় পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ দুজনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)। দুপুর আড়াইটার দিকে তাদেও গ্রেফতার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, মগবাজারে গাড়িতে আগুন দেয়ার সময় বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরোনো কাপড়সহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে দুপুরে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি মিনিবাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারার দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সহিংসতা শুরু দিন গত ২৮ অক্টোবর রাজধানীতে ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ জন, ৭ নভেম্বর ৬০ জন এবং সর্বশেষ গত বুধবার ৮ নভেম্বর ৪১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। ১২ দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা এক হাজার ৭৩৭ জন।

অবরোধে নাশকতাকারীদের উদ্দেশ্যে  ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, অবরোধে যারা বাসে আগুন দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। তিনি বলেন, একটি বিষয় মনে রাখতে হবে, ধরুন তিনটি ঘটনা ঘটেছে কিন্তু ৩০০০ ঘটনা যে আমরা প্রতিরোধ করেছি সেই হিসাব কিন্তু আমাদের মধ্যে নেই। অবরোধকারীরা কত নাশকতা করবে তারা কিন্তু বলেনি।

ডিএমপির সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, নাশকতা প্রতিরোধে যাদের সক্রিয় ও সচেতন করা প্রয়োজন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিয়েছি এবং কিছু পরামর্শ দিয়েছি। তিনি বলেন, বাসে যাতে আগুন না দিতে পারে সেজন্য সব পক্ষের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। নাশকতা প্রতিরোধের জন্য পরিকল্পনা সাজিয়েছি। আমাদের নিরাপত্তা বাড়িয়েছি। চালক ও হেলপারদের করণীয় কী সেগুলো আমরা বলে দিয়েছি এবং এখনো বলছি। আমরা আশা করি এতে কাজ হবে। এর বাইরেও যদি কেউ বিক্ষিপ্তভাবে নাশকতা করার চেষ্টা করে তাদের আজ হোক কাল হোক আইনের আওতায় আনা হবে।

বগুড়া: গত বুধবার রাতে বগুড়া- রংপুর মহাসড়কের বগুড়ার দীঘলকান্দি ও মানিকচক এলাকায় রাতে দুটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। আগুনে মালামালসহ ট্রাক দুটি পুড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি ট্রাক বগুড়ার দিঘলকান্দি পৌঁছলে ১০-১৫ জন লাঠিসোটা নিয়ে ট্রাক থামায়। তারা ট্রাক ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। অপরদিকে মানিকচক বাজারে আলু বোঝাই করার জন্য একটি ট্রাক দাড়িয়ে ছিল। দুটি মোটরসাইকেল থেকে ট্রাকের উপর ককটেল নিক্ষেপ করলে আগুন লেগে যায়।

সিরাজগঞ্জ: বৃহস্পতিবার সিরাজগঞ্জে মহাসড়কে পন্যবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এসময় আরো বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

বরগুনা: বুধবার রাতে বরগুনার তালতলী থেকে ঢাকাগামী সাকুরা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানায়, তালতলী থেকে মাত্র ৪জন যাত্রী নিয়ে ছেড়ে আসা সাকুরা পরিবহন (মেট্রো ব-১১-৮৫৭১) রাত ১০টার দিকে আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের তাড়িকাটা এলাকা আসা মাত্র ২০/২৫ জনের একটি দল বাসের চালক ও চালকের সহকারীকে নামিয়ে ভাংচুর করে। পরে বিক্ষুব্ধরা বাসটিতে আগুনে পুড়িয়ে দেয়।

ভোলা: বৃহস্পতিবার ভোলা-বরিশাল হাইওয়েতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
এরআগে বুধবার রাতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফখরুল ইসলাম ফেরদৌস ও ছাত্রদলের সহসভাপতিসহ ৩জনকে আটক করেছে পুলিশ। ফখরুলকে বুধবার রাতে ভোলা শহরের টাউন স্কুল এলাকা থেকে আটক করে। অপরদিকে চরফ্যাশনের আমিনাবাদ ইউনয়নের ছাত্রদল সভপতি মো. মমিনকে আটক করে পুলিশ।

কালীগঞ্জ : গত বুধবার গাজীপুরের কালীগঞ্জে ফ্রেস কোম্পানীর সরিষা তেল ভর্তি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে চালকসহ ৩ জনকে দগ্ধ করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে। আটককৃতরা হলেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য মো. আমরুল কয়েস এবং বিএনপির প্রচার সম্পাদক মো. আশরাফুল আলম সেলিম।

কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরা।

বৃহস্পতিবার এছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ভিপি ছোটনের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল করেছে পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার গজারিয়ায় বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ করেন  নেতাকর্মীরা। মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস বিএনপি-জামায়াত কোনো ধরনের নৈরাজ্য করলে তার পরিমাণ ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

সময়ের আলো/জেডআই

Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: