গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন মেলেনি গ্রামীণ টেলিকমের ৩ শ্রমিক নেতার। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও তিন শ্রমিক নেতার পক্ষে তাদের আইনজীবীরা শুনানিতে ছিলেন।
জানা যায়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের অর্থপাচারের অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নেতা কামরুজ্জামান, ফিরোজ মাহমুদ হাসান ও মাইনুল ইসলাম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দুদকের অনুসন্ধানে শ্রমিক ও গ্রামীণ টেলিকম সমঝোতা চুক্তি অনুযায়ী গ্রামীণ টেলিকমের ১২ বছরের লভ্যাংশ ৪৩৭ কোটি টাকা শ্রমিক কর্মচারীদের মধ্যে বণ্টন হওয়ার কথা থাকলেও ২৬ কোটি টাকার হিসাবে গরমিল পাওয়া যায়। শ্রমিকদের টাকা বণ্টন না হয়ে গ্রামীণ টেলিকম এমপ্লোয়ি ইউনিয়ন অ্যাকাউন্টে জমা করা হয়েছিল। সেখান থেকে টাকা দুই আইনজীবী ও শ্রমিক ইউনিয়নের তিন নেতারা ভাগ বাটোয়ারা করে নেন। যার বড় অংশ যায় আইনজীবী ইউসুফ আলীর পকেটে।
এর আগে শ্রমিকদের টাকা অবৈধভাবে গ্রহণ করার অভিযোগ এনে তিন শ্রমিক নেতার ব্র্যাক ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের ১৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করতে চিঠি দিয়েছে দুদক। এসব অ্যাকাউন্টে ১৭ কোটি ৪০ লাখ টাকা জমা রয়েছে।
সময়ের আলো/জিকে