একদিনের ব্যবধানে হংকং ক্রিকেট সিক্সেসের কোয়ার্টার ফাইনালে থামল বাংলাদেশের যাত্রা। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না সফরকারী বাংলাদেশ। বল হাতে একের পর এক ছক্কা হজমের পর ব্যাটিংয়ে ভয়াবহ ধসে বড় ব্যবধানে হেরে গেল আকবর আলির দল।
শনিবার (৮ নভেম্বর) ম্যাচে আগে ব্যাট করে ২ উইকেটে রেকর্ড ১৪৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করতে পারে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে ৬ ওভারে ২১ ছক্কা হজম করতে হয়েছে বাংলাদেশ দলকে। ম্যাচটা তখনই শেষ হয়ে গেছে দলের। শেষমেশ লড়াইও করতে পারেনি। ৯৫ রান তুলে ইনিংস শেষ করেছে, ম্যাচটা হেরেছে ৫৪ রানের বিশাল এক ব্যবধানে।
শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া তাণ্ডব চালায় বাংলাদেশের ওপর। ছয় ওভারে ২ উইকেট খুইয়ে তোলে ১৪৯ রান। সব মিলিয়ে ২১টি ছক্কা হজম করেছেন বাংলাদেশের বোলাররা। শুরুর ৪ অস্ট্রেলিয়ান প্রত্যেক ব্যাটার অন্তত ১টা ছক্কা হাঁকিয়েছেন। ১১ বলে ৭ ছক্কায় ৫০ রান।
বেক ম্যাকডরমেট ১৪ বলে ৮ ছক্কায় ৫১ রান করেন, এরপরই বাধ্যতামূলক অবসরে যান তিনি। উইলিয়াম বোজিস্টো ৬ বলে করেন ৩০ রান। অধিনায়ক অ্যালেক্স রস করেন ৭ ছক্কায় ১১ বলে ৫০ রান। তাতেই রেকর্ড গড়ে ফেলে অজিরা। এবারের আসরে এর চেয়ে বেশি রান করতে পারেনি আর কোনও দল। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৮ রান করেছিল আফগানিস্তান।
বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট খুইয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ১৯ রান তুলতেই শেষ হয়ে যায় ৪ উইকেট। এরপর রকিবুল হাসানের ১০ বলে ২৫ আর আবু হায়দার রনির ১৮ বলে ৫০ রানের ইনিংসে ভর করে মুখ রক্ষা করে বাংলাদেশ। ইনিংস শেষ করে ৫ উইকেটে ৯৫ রান তুলে।
৫৪ রানের বিশাল জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ চারে চলে যায় অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ নেমে গেল প্লেট পর্বে। আগামীকাল রোববার প্লেট সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ দল।
সময়ের আলো/এনএ