সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করা হবে ভুল।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের ৩ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও সাবেক ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভাল মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারী ক্ষমতায়নও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করা হবে ভুল। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। নতুন ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, পূর্বসূরিদের মত দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক। জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা প্রমুখ।
সময়ের আলো/এআর