বালুময় মরুর দেশ সৌদি আরব ও কাতার এক দুর্লভ ঘটনার সাক্ষী হলো। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে দেখা মিলেছে তুষারের।
গত ১৮ ডিসেম্বর সৌদি আরবের উত্তরপশ্চিমাঞ্চলে মিশরের সিনাই ও জর্ডান সীমান্তের কাছে জাবাল আল লাউজ এলাকায় তুষারপাত হতে দেখা গেছে।
স্থানীয়দের সামাজিক মাধ্যমে দেওয়া কিছু ভিডিতে দেখা যায়, সব বয়সের মানুষ বরফের ওপর দাঁড়িয়ে নাচ-গান করছে। এমন দুর্লভ মুহূর্তকে উদযাপন করতে অনেকে অনেক দূর থেকেও এসেছেন।
এ ঘটনা নিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস শিরোনাম করেছে—দেখুন: মরুভূমিতে বরফ? সৌদি আরব, কাতারের কয়েকটি এলাকা পেল সাদা শীত।
রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাব নিউজ জানায়—গত ১৭ ও ১৮ ডিসেম্বর সৌদি আরবের কয়েকটি অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। এমন আবহাওয়ায় মরুভূমির ভেতর পাহাড়ের চূড়াগুলো বরফাবৃত হয়ে এক নতুন দৃশ্যপটের জন্ম দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের মধ্যাঞ্চল আল-মাজমাহ ও আল-ঘাটের বাসিন্দারা তুষারপাত দেখতে জড়ো হয়েছিলেন।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, গত ১৮ ডিসেম্বর সকালে রিয়াদ অঞ্চলের উত্তরে পাহাড়ি ও সমতল এলাকায় তুষারপাত হয়েছে।
সৌদি আরবের প্রতিবেশী দেশ কাতারেও হয়েছে তুষারপাতের ঘটনা। তেলসমৃদ্ধ এই ধনী দেশটির অধিকাংশ এলাকা বালুময়। একই সময়ে এই মরুভূমির দেশ পেল ভারী তুষারের স্বাদ। একদিকে আকাশ ছিল কালো মেঘে ঢাকা, অন্যদিকে মাটি ছিল ধুসর আর সাদা বরফে আচ্ছাদিত।
১৯ ডিসেম্বর করাচিভিত্তিক সংবাদমাধ্যম ডন জানায়, এমন পরিস্থিতিতে সৌদি আরবের এক শীর্ষ জ্যোতির্বিদ এবং মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানবিষয়ক আরব সংগঠনের সদস্য মোহাম্মদ বিন রেদ্দাহ আল থাকাফি জানিয়েছেন যে শীতকালে তুষারপাত কোনো অস্বাভাবিক ঘটনা নয়।
তিনি গালফ নিউজকে বলেন, সৌদি আরবের উত্তরাঞ্চলে শীতকালে মাঝেমধ্যেই তুষারপাতের ঘটনা ঘটে। তবে তা নিয়মিত নয়।
সৌদি আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে তিনি আরও বলেন, আবহাওয়া ও জলবায়ুর তারতম্যের ওপর নির্ভর করে তুষারপাত হবে কিনা।
তিনি জানান—সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সৌদি আরবে তুষারপাতের ঘটনা ঘটে এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুদ্বারা প্রভাবিত সৌদি আরবের তাবুক, আল-জওফ ও আরার অঞ্চলগুলোয় তুষারপাত বেশি হয়। দেশটির অন্যান্য অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব এসব অঞ্চলের তুলনায় কম। তাই সৌদি আরবের সব জায়গায় বরফ পড়ার ঘটনা ঘটে না।
তবে উল্লেখিত অঞ্চলগুলোতেও প্রতিবছর নিয়ম করে তুষারপাত হয় না বলেও জানিয়েছে সৌদি আবহাওয়া কেন্দ্র।
পাশাপাশি, তুষারপাত এলাকায় আবহাওয়া বিরূপ থাকায় দুর্ঘটনা এড়াতে গাড়িচালকদের বাড়তি সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করা হয়েছে।
/এমএইচআর