মাদারীপুরের শিবচর উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ একটি আন্তঃজেলা ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারসহ ভুয়া নম্বরপ্লেট এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শিবচর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের।
গ্রেফতারকৃতরা হলেন, সাভারের হেমায়েতপুর এলাকার কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩০), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধাপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন (৩৬), নীলফামারীর ডোমার উপজেলার আদর্শগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে জাকির ইসলাম (২৩) এবং সাভারের কুরগাঁও এলাকার মাওদী ইসলামের ছেলে সবুজ হোসেন (৩৪)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ২১ নভেম্বর রাতে রাজধানী ঢাকা থেকে মাইক্রোবাস মেরামত শেষে নিজ বাড়ি শিবচরের শেখপুরে ফিরছিলেন ব্যবসায়ী মো. সলেমান।
রাত আনুমানিক ১টার দিকে শিবচরের যাদুয়ারচর এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি ডাকাতদল ডিবি পুলিশ পরিচয়ে তার গাড়ি থামায়। পরে গ্রেফতারের ভয় দেখিয়ে তার মাইক্রোবাসটি ছিনিয়ে নেয় এবং মারধর করে পাঁচ্চর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ব্যবসায়ী মো. সলেমান বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা, কক্সবাজার ও সাভার এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক ভুয়া নম্বরপ্লেটও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/এআর