
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনের প্রার্থীরা নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন বরিশাল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। হলফনামায় ব্যাংক হিসাবে মাত্র ১ হাজার ১৭৬ টাকা জমা থাকার কথা তথ্য উল্লেখ করেছন তিনি। আর স্ত্রীর মালিকানায় রয়েছে ১৮৭ ভরি স্বর্ণালংকার, যা উপহার হিসেবে পাওয়া বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
যদিও তার হাতে নগদ অর্থ রয়েছে ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা। একই সঙ্গে তার স্ত্রীর ব্যাংক হিসাবে কোনো টাকা নেই বলেও উল্লেখ করা হয়েছে। হলফনামা অনুযায়ী, ফয়জুল করিম পেশায় শিক্ষক এবং তার স্ত্রী গৃহিণী ও ব্যবসায়ী। স্ত্রীর কাছে রয়েছে ৭ লাখ ২০ হাজার টাকা নগদ এবং বিভিন্ন খাতে মোট ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ।
ফয়জুল করিমের আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে- অ্যাপার্টমেন্ট থেকে বছরে ৩ লাখ ২২ হাজার টাকা, ধর্মীয় মাহফিল থেকে ৪ লাখ টাকা এবং শিক্ষকতা পেশা থেকে ৭ লাখ ৬ হাজার টাকা। উত্তরাধিকার সূত্রে তিনি ১ হাজার ৬০ শতাংশ কৃষি জমি ও ৩৭ দশমিক ৬০ শতাংশ অকৃষি জমির মালিক। এসব অস্থাবর সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ৩৩ লাখ ১৩ হাজার ২২৩ টাকা।
স্থাবর সম্পদের হিসাবে তার রয়েছে ২ হাজার ৪৩৬ শতাংশ কৃষি জমি, যার মূল্য ১ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা। অকৃষি জমি রয়েছে ২ দশমিক ৪০ শতাংশ, যার মূল্য ৩ লাখ ৭৪ হাজার ১৪৮ টাকা। পাশাপাশি পৈতৃক সূত্রে পাওয়া ৬৬১ বর্গফুটের একটি বাণিজ্যিক ভবন (দোকান) এবং ২ হাজার ১৩ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্টের কথা উল্লেখ করেছেন। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৫ লাখ ৬ হাজার ৭০৮ টাকা হলেও বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকা।
২০২৫-২৬ অর্থবছরে ফয়জুল করিম তার বার্ষিক আয় ১৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা এবং মোট সম্পদ ১ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৯৩১ টাকা দেখিয়ে ৯৬ হাজার ৪৭৫ টাকা আয়কর প্রদান করেছেন। একই অর্থবছরে তার স্ত্রী ৬ লাখ টাকা আয় ও ৩২ লাখ ৬০ হাজার ২০০ টাকা সম্পদ দেখিয়ে ১৫ হাজার টাকা আয়কর দিয়েছেন।
সময়ের আলো/এসকে/