আধুনিক বাংলা কাব্যসাহিত্যের অন্যতম পথিকৃৎ কবি ও সাহিত্যিক আহসান হাবীবের ১০৪তম জন্মদিন আজ। ১৯১৭ সালের ২ জানুয়ারি তৎকালীন বাকেরগঞ্জ, বর্তমানে পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
আহসান হাবীব ত্রিশের দশকেই কলকাতায় সাহিত্যচর্চা শুরু করেন এবং চল্লিশের দশকে পূর্ব বাংলার আধুনিক কবিতার অন্যতম পথিকৃৎ ও কিংবদন্তিতুল্য সাহিত্য সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। কলেজ জীবনেই তার কবিতা কলকাতার বিখ্যাত সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
কলকাতায় দৈনিক তকবীর, মাসিক বুলবুল ও সওগাত পত্রিকায় কাজ করার পাশাপাশি বিভিন্ন সাময়িকীতে নিয়মিত লিখতেন। দেশভাগের পর ১৯৫০ সালে স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন। তিনি দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ ও সাপ্তাহিক প্রবাহ পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
কবির সাহিত্যকর্ম ও অবদানের জন্য তিনি ইউনেস্কো সাহিত্য পুরস্কার, একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, একুশে পদক এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেন।
আহসান হাবীব ১৯৮৫ সালের ১০ জুলাই ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার জন্মদিনে সাহিত্যপ্রেমীরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
/ইউএমএইচ