কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের বুকে গুলি করে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। তার নাম মো. নাসিম উদ্দীন (২৪)।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।
এর আগে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিজিবি সদস্য নাসিম উদ্দীন তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। তার সিপাহি নম্বর-১১৪৬০৪।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে টহলে যাওয়ার পূর্বে অস্ত্র গ্রহণ করেন সিপাহি নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে গুলি করেন। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে যান তার সহকর্মীরা। পরে দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক নাসিম উদ্দীনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফআর