চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি যুদ্ধ শুরু হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) প্রথমদিনে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৫৯ শতাংশ।
জানা গেছে, ‘এ’ ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ—এই চারটি অনুষদে মোট এক হাজার ৯৩টি আসন রয়েছে। ইউনিটতে মোট ৮৭ হাজার ৬৯৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭৯ হাজার ৪১০ জন। সে হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় ৮০ জন শিক্ষার্থী।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এই তিন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ঢাকা কেন্দ্রে মোট ৫৫ হাজার ৫৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪৯ হাজার ৭৭৩ জন। যা মোট উপস্থিতির ৮৯.৬০ শতাংশ।
রাজশাহী কেন্দ্রে মোট ১২ হাজার ৭৯৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ১১ হাজার ৫৮২ জন। যা মোট উপস্থিতির ৯০.৫০ শতাংশ। এছাড়াও চট্টগ্রাম কেন্দ্রে ১৯ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮ হাজার ৫৫ জন। যা মোট উপস্থিতির ৯৩.৩৩ শতাংশ।
এদিকে ফল প্রকাশের জানতে চাইলে চবির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, শতভাগ নির্ভুল ফলাফল নিশ্চিত করেই আমরা ভর্তি পরীক্ষার ফলাফল ফল প্রকাশ করব। এর জন্য যথাযথ প্রক্রিয়ায় কাজ চলছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, এবার তিনটি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমেছে। পাশাপাশি হেল্প সেন্টার, ছয়টি ইনফরমেশন সেন্টার এবং অভিভাবকদের বসার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় চাকসু প্রতিনিধিরাও আমাদের সহযোগিতা করছে।
প্রসঙ্গত, আগামী ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এফআর