মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এ কথা জানিয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী।
এর আগে, শনিবার দুপুরে তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ তথ্য নিশ্চিত করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন ।
আজমল হোসেন বলেন, ‘মোট ভোটারের মধ্যে ৪ হাজার ৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল। বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে আটজন ঢাকা-৯ আসনের ভোটার। বাকি দুজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচনবিধি অনুযায়ী, তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার (তাসনিম জারা) আপিলের সুযোগ আছে।
এদিকে, এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রার্থিতা ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ ও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী তাসনিম জারা। এরপর মাত্র দেড় দিনে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেন তিনি। গণ-প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে নির্বাচনী আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা লাগে। স্বাক্ষর সংগ্রহ করে গত ২৯ ডিসেম্বর শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা।
সময়ের আলো/কেএইচও