বগুড়ার আদমদীঘি উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বড় আখিড়া চারমাথা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা রাসেল মোল্লা (৩৫)। আর আহত ব্যক্তি একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহম্মেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিবগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তারা তিনজন নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচুর বীজ কেনার জন্য যাচ্ছিলেন। আদমদীঘির বড়আখিড়া চারমাথা মোড়ে পৌঁছলে অটোরিকশাটিকে পেছন থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রফিকুল ও তার ভাতিজা রাসেলের মৃত্যু হয়। আর আহত অন্য যাত্রী মিজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, লাশের আত্মীয় স্বজনরা মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এফআর