আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে আলোচিত সেই বাবা ও ছেলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই আসনে ভিন্ন দুটি রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় এসেছিলেন তারা।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে সাতক্ষীরা-৪ আসনে মোট সাতজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে বাবা ও ছেলের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিষয়টি চলে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ওই দুই প্রার্থী হলেন, সাতক্ষীরা-৪ সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার) মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।
জানা গেছে, ঋণ খেলাপির কারণে এইচ এম গোলাম রেজার মনোনয়ন বাতিল করা হয়। তার ছেলে হুসেইন মুহাম্মদ মায়াজকে দেওয়া দলীয় মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত জাতীয় পার্টির মহাসচিবের স্বাক্ষরযুক্ত না হওয়ায় তা বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার জানান, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ২৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ১৯টি মনোনয়নপত্র বৈধ এবং ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল দায়ের করার সুযোগ রয়েছে।
এফআর