আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে থাকা ভোটার ও দেশে জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ব্যাপক সাড়া মিলেছে। এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ ভোটার এই অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার প্রায় ১৩ লাখ এবং দেশের অভ্যন্তর থেকে আবেদন করেছেন প্রায় ৬ লাখ ভোটার।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এই নিবন্ধন কার্যক্রমের সময়সীমা শেষ হচ্ছে সোমবার (৫ জানুয়ারি)। রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত অ্যাপে মোট ১৩ লাখ ৭ হাজার ২৭৬ জন প্রবাসী ভোটার আবেদন করেছেন। তাঁদের মধ্যে পুরুষ ১১ লাখ ২২ হাজার ৪০৩ জন এবং নারী ১ লাখ ৮৪ হাজার ৮৭১ জন।
দেশের অভ্যন্তর থেকে জমা পড়া ৫ লাখ ৮৪ হাজার ৫০৮টি আবেদনের মধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৪ জন। এছাড়া নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৫ হাজার ৯৯৬ জন, আনসার ও ভিডিপি সদস্য ৮ হাজার ৭৪১ জন এবং কারাবন্দি ৫ হাজার ৩২৭ জন এই ব্যবস্থায় নিবন্ধন করেছেন।
এবারই প্রথমবার তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী কাজে নিয়োজিতরা ঘরে বসেই নিবন্ধন করে ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধনের সময়সীমা ইতোমধ্যে তিন দফা বাড়ানো হয়েছে।
ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে নির্ধারিত খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রবাসী প্রায় ৫০ লাখ ভোটারকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কর্মসূচিটি শুরু করা হয়েছিল।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এই অ্যাপে নিবন্ধন করছেন। দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে।
/ইউএমএইচ