তীব্র শীতে যখন সারা দেশ কাঁপছে, তখন আকাশে বিমান চলাচলেও বিঘ্ন ঘটছে। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা কোনও ফ্লাইট ওঠানামা করতে পারেনি। রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। দৃশ্যমানতা এতটাই কমে যায় যে, নিরাপত্তাজনিত কারণে কোনও উড়োজাহাজ ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি এবং কোনও ফ্লাইট অবতরণও সম্ভব হয়নি। ফলে, নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় নামতে না পেরে একাধিক ফ্লাইট আকাশে চক্কর দিতে থাকে।
এ প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়নি। তবে সকাল ৬টার পর থেকে দৃশ্যমানতা না থাকায় উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখতে হয়। পরে কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল ৯টা ৫২ মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।’
বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, কুয়াশার কারণে সময়মতো নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে ঘুরতে থাকে। অবতরণের অনুমতি পাওয়ার পর ফ্লাইটগুলো একে একে রানওয়েতে নামতে শুরু করে।
সময়ের আলো/এনএ