রাজশাহীর বাঘার পদ্মার চরে রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ ঘটনা ঘটে।
সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে।
নিহত সোহেল রানার ভাই জানান, রাতে সোহেল ও তার স্ত্রী ঘরের ভেতরে শোয়ে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বাড়ির টিনে একাধিকবার আঘাত করে বিকট শব্দ সৃষ্টি করে। এতে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ছোটাছুটি শুরু করলে সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে, কেউ এগিয়ে এলে তাকে গুলি করা হবে। এরপর সন্ত্রাসীরা সোহেল রানার বাড়িতে ঢুকে পড়ে। এ সময় সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করার জন্য কাঁথা ও কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। তবে সন্ত্রাসীরা ঘরের টিন কেটে ভেতরে ঢুকে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির একটি সোহেল রানার পেটে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির আঘাতে তার স্ত্রী ও মেয়ে আহত হয়।
বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করেেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরআর