চট্টগ্রামের ফটিকছড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মনু হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্থানীয় এবং ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা জানান, আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু আগুনে পুরে গেছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল উদ্দিন বলেন, ‘বন্ধ থাকা একটি বসতঘরের ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
সময়ের আলো/কেএইচও