তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক এই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ডেলটা ফোর্স।
গতকাল শনিবার রাজধানী কারাকাসের বাইরে তিনটি রাজ্যে মার্কিন হামলার খবর জানা গেছে। অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন হামলায় আঘাতপ্রাপ্ত আরও কিছু অবস্থানের তালিকা প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে উত্তেজনা চলছিল। এরই প্রেক্ষিতে এবার এই সামরিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সেপ্টেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পার্শ্ববর্তী জলসীমায় কমপক্ষে ২০টি বিমান হামলা চালিয়েছে।
মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। হামলার পর রদ্রিগেজ এক বিবৃতিতে মাদুরো ও তার স্ত্রী বেঁচে আছেন এমন প্রমাণ দাবি করেছেন।
আলজাজিরা বলছে, মার্কিন অপারেশনটি ৩০ মিনিটেরও কম সময় ধরে চলে। এসময় কমপক্ষে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাগুলো তালিকাভুক্ত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তোড়জোর দেখা যায়। ডেলসি অভিযানের ফলে বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে নির্দিষ্ট কোনো সংখ্যা বলেননি। চলুন ছবিতে দেখে নেওয়া যাক মার্কিন এই হামলার পর ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় কেমন দৃশ্য বিরাজ করছে:
ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কলম্বিয়া। শনিবার সামরিক যানবাহনের পাশে মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছেন লোকজন। ছবি : রয়টার্স
ভেনেজুয়েলার কারাকাস শহরে জড়ো হয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকরা। ছবি : এপি
মাদুরোকে আটক করে দেশ থেকে বের করে দেওয়ার ঘোষণার পর ভেনেজুয়েলার লা গুয়রায় পুলিশের টহল। ছবি : এপি
বিস্ফোরণের পর ধ্বংসপ্রাপ্ত কন্টেইনার লা গুয়রা বন্দরে পড়ে আছে। ছবি : এপি
রাজধানী কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের পোস্টার প্রদর্শন করছেন সমর্থকরা। ছবি : এপি
লা গুয়রা বন্দরে বিস্ফোরণের পর ডক থেকে ধোঁয়া ওঠার দৃশ্য দেখছেন স্থানীয়রা। ছবি : এপি
কারাকাসের লা কার্লোটা সামরিক বিমানঘাঁটিতে ধ্বংস হওয়া অ্যান্টি-এয়ারক্রাফ্ট ইউনিটের পাশে দমকলকর্মীর সতর্ক অবস্থান। ছবি : রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকোলাস মাদুরোকে আটকের ঘোষণার পর স্থানীয়রা একটি দোকানের সামনে জড়ো হয়েছেন। ছবি : রয়টার্স
কারাকাসের একটি রাস্তায় পরিত্যক্ত সোফা পড়ে আছে। ছবি : রয়টার্স
সময়ের আলো/ এসকে/