স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা।
দিনটি উপলক্ষে সোমাবার (৫ জানুয়ারি) সকালে তার পরিবারের পক্ষ থেকে পাবনার এস্ট্রাস খামারবাড়িতে দোয়া এবং সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাব, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিসহ পাবনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো তার স্মরণসভার আয়োজন করেছে।
১৯৫৮ সালে তিন সহযাত্রী ডা. কাজী হারুনর রশিদ, ডা. পরিতোষ কুমার সাহা ও রাধিকামোহন রায়কে নিয়ে স্যামসন এইচ চৌধুরী পাবনা শহরের শালগাড়িয়া মৌজায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস নামে ছোট পরিসরে একটি ওষুধ কারখানা স্থাপন করেন। সেখান থেকে ব্যবসা ও ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ হতে হতে বর্তমান আকার নিয়েছে স্কয়ার গ্রুপ।
বর্ণাঢ্য জীবনের অধিকারী স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর বৃহত্তর ফরিদপুর জেলার কাশীয়ানী থানার আড়ুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৫ জানুয়ারি প্রয়াত হন স্যামসন এইচ চৌধুরী।
সময়ের আলো/জেডআই