প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫১ এএম আপডেট: ০৬.০১.২০২৬ ৩:৫৬ এএম
ছবি : বিবিসিআদালতে নেওয়ার পূর্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কুখ্যাত কারাগারে বন্দি করে রাখা হয়েছিল।
নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ‘মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার’ (এমডিসি) নামের এই জেলখানাটিকে মার্কিন আইনজীবীরাই ‘পৃথিবীর বুকে নরক’ বলে আখ্যায়িত করেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কারাগারটি নিয়ে আমেরিকার বিচার বিভাগেই নানা বিতর্ক আছে। ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি এবং পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় সেখানে সারাক্ষণ মারামারি ও বিশৃঙ্খলা লেগেই থাকে। ২০১৯ সালে নিউইয়র্কের তৎকালীন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস এই কারাগারের পরিবেশকে ‘অগ্রহণযোগ্য এবং অমানবিক’ বলে বর্ণনা করেছিলেন।
কারাগারটির অবস্থা এতটাই খারাপ যে, অনেক সময় বিচারকরা আসামিদের এই জেলে পাঠাতেও ভয় পান।
তবে নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হওয়ায় মার্কিন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বন্দিদের রাখার জন্য এমডিসি-কেই বেছে নেয়।
এর আগে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকেও এখানে রাখা হয়েছিল।
মাদুরো দম্পতি ছাড়াও এই কারাগারে বর্তমান ও অতীতে অনেক হাই-প্রোফাইল বন্দি ছিলেন। তাদের মধ্যে রয়েছেন কুখ্যাত জেফরি এপস্টাইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এবং জনপ্রিয় মার্কিন র্যাপার শন ‘ডিডি’ কম্বস।
এফআর