তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়। কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই। বাড়ছে শীতজনিত রোগ। তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে। এর আগে তাপমাত্রা ৮ থেকে ১১ এর ঘরে ওঠানামা করেছিল।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
গত কয়েক দিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস বইছে। ফলে অনুভূত হচ্ছে কনকনে শীত। গতকাল দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হয়। শীতে আবারও দুর্ভোগে পড়েছেন খেটেখাওয়া মানুষ। বিশেষ করে পাথর শ্রমিক, ভ্যানচালক, চা শ্রমিক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রায় কঠিন সংকট সৃষ্টি হয়েছে। শীতের কারণে আয়-রোজগার কমে যাওয়ায় তাদের দূরাবস্থা আরও প্রকট হয়ে উঠেছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, আজকের তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আবার শীত বাড়ায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আরআর