আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দল বিএনপি। তাই বিএনপিকে ভোট দিলে দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসী স্কুল ও কলেজ চত্বরে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সামসুজ্জোহা খান বলেন, গত ১৭ বছর গর্তে লুকিয়ে থাকা জামায়াত গ্রামের মা বোনদের বলে বেড়াচ্ছে, তাদের ভোট দিলে নাকি বেহেশতের টিকিট পাওয়া যাবে। এমন কুসংস্কারে বিভ্রান্ত হওয়া যাবে না।
ধামইরহাট ইউনিয়ন বিএনপি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, নজিপুর মিশন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জীবন হাঁসদা, বীর মুক্তিযোদ্ধা মাথায় টুডু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মহেষ পাল প্রমুখ।
এফআর