ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দৈনিক সময়ের আলো পত্রিকায় গত বছর ১ আগস্ট ‘এক মসজিদে তিন নামে বরাদ্দ : কাজ না করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রতিবেদন’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের প্রায় পাঁচমাস পর বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়।
দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের চার সদস্য বিশিষ্ট একটি দল অভিযান পরিচালনা করেন। কর্মকর্তারা ত্রিশাল উপজেলা প্রকৌশল দপ্তর ও প্রকল্প সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা প্রকল্প অনুমোদন, বরাদ্দ, বিল উত্তোলন ও কাজের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করেন।
দুদক সূত্রে জানা গেছে, দুই অর্থবছরে তিনটি ভিন্ন নামে একই মসজিদের উন্নয়নে বরাদ্দ নেওয়া হলেও বাস্তব কাজের সঙ্গে কাগজপত্রের তথ্যের গরমিলের বিষয়গুলো অনুসন্ধান করা হবে।
দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসাইন সময়ের আলোকে বলেন, প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এখানে যদি গাফিলতি ও অর্থ আত্মসাতের কোনো বিষয় ঘটে থাকে, তবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে দৈনিক সময়ের আলো পত্রিকায় প্রকাশিত খবরে উঠে আসে, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে তিনটি প্রকল্পে প্রায় এক কোটি টাকা বরাদ্দ নেওয়া হলেও একটি প্রকল্পের কাজ একেবারেই হয়নি। এর মধ্যে একটি আংশিক হয়ে বন্ধ রয়েছে এবং আরেকটিতে কেবল নামফলক স্থাপন করে পুরো কাজ সম্পন্ন দেখানো হয়েছে। দুদকের অভিযানের মধ্য দিয়ে আলোচিত এই অনিয়মের প্রকৃত চিত্র উদঘাটনের প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এফআর