আগামী রোববার (১১ জানুয়ারি) প্রথমবারের মতো ঢাকার বাইরে জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১১ জানুয়ারি) থেকে বুধবার (১৪ জানুয়ারি) পর্যন্ত চার দিনের সফরে তিনি ৯টি জেলায় সফর করবেন।
বুধবার (৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তারেক রহমানের এই সফর ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। এর ফলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে না। এই সফর উপলক্ষে একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সংশ্লিষ্ট জেলার প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন।
টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলা এ সফরের অন্তর্ভুক্ত রয়েছে।
সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদসহ অন্যদের কবর জিয়ারত করবেন বলেও জানানো হয়। জুলাই আন্দোলনে আহতদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরসূচির আয়োজন নিয়ে বিএনপি জানিয়েছে, ১১ জানুয়ারি সকাল ৯টায় গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা করবেন তারেক রহমান। টাঙ্গাইল পৌঁছে দুপুর ১টায় সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। পরে বেলা ৩টায় যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে যাত্রাবিরতি নেবেন তারেক রহমান। সেখান থেকে রাতে বগুড়া পৌঁছে শহরের আলতাফুন্নেসা বিদ্যালয় মাঠে সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে রাত্রিযাপন করবেন তিনি।
১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া থেকে রওনা হয়ে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি যাবেন দিনাজপুর। দিনাজপুরে তার নানি মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করে আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন ও দিনাজপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর রাত ১১টায় দিনাজপুর থেকে রওনা হয়ে রাত ১টায় ঠাকুরগাঁও পৌঁছাবেন। সেখানেই রাত্রিযাপন করবেন।
১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও থেকে দুপুর দেড়টায় পঞ্চগড় পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে নীলফামারী যাবেন বিকেল ৪টায়। সেখানেও জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। পরে লালমনিরহাটে গিয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন সন্ধ্যা ৭টায়। সেখান থেকে রওনা হয়ে রাত ১ টায় রংপুর ফিরে রাত যাপন করবেন।
পরদিন ১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুর থেকে রওনা হয়ে বগুড়ার গাবতলী নিজের নির্বাচনী এলাকায় যাবেন তারেক রহমান। ফেরার পথে মহাস্থানগড় হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। রাত ২টায় রাজধানী ঢাকায় তার পৌঁছার কথা রয়েছে।
/এমএইচআর