জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৩৩টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৬২৬ ভোটে এগিয়ে রয়েছে। ৩৩ টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর কেন্দ্র থেকে বের হয়ে ক্যম্পাস ত্যাগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব।
বুধবার (৭ জানুয়ারী) রাত সাড়ে দশটার দিকে কেন্দ্র ত্যাগ করেন তিনি । এ সময় তিনি বলেন, সেই ২০১৯ সাল থেকে জকসুর জন্য লড়েছি আজ জকসু হয়েছে এতেই খুশি।
এর আগে, রাত ১০টা ১৫ মিনিটে কেন্দ্রীয় অডিটোরিয়ামে পদার্থবিজ্ঞান, আইন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ও আইএমএল বিভাগের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভিপি পদে ৪,৩৯৪ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৩,৭৬৮ ভোট।
এ ছাড়া, জিএস পদে সর্বোচ্চ ৪,৪৫৬ ভোট পেয়ে প্রথম অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১,৭৫৫ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ২,৭০১।
এজিএস পদে ৩,৯৭০ ভোট নিয়ে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩,১৮০ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৭৯০।
গতকাল (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। নির্ধারিত সময় বিকেল ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ভোট দেয়ার সুযোগ দেয়া হয়।
/এমএইচআর