অবৈধ স্থাপনা উচ্ছেদ, শত কোটি টাকার সরকারি জমি উদ্ধার। ছবি : সময়ের আলো
রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রায় শত কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখলকৃত এসব জমি উদ্ধারে অভিযান চালানো হয়। উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাসের নেতৃত্বে এ অভিযানে পুঠিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ভূমি অফিস যৌথভাবে অংশ নেয়।
জানা গেছে, রাজশাহী অঞ্চলের মধ্যে আম ও কাঁচামালের জন্য বানেশ্বর বাজারটি বেশ বড়। সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় হাটে যাওয়া নানান রকম পণ্য নিয়ে কৃষকরা নাটোর-রাজশাহী মহাসড়কের উপর হাট বসায়। এতে করে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। গত সপ্তাহে, পার্শ্ববর্তী ঝলমলিয়া নামের হাটে রাস্তার ওপর বসার কারণে দুর্ঘটনায় পাঁচজন নিহত ও অন্তত ৩০ জনের মতো মানুষ আহত হয়েছিলেন। এসব বিষয়কে লক্ষ্য রেখে মূলত ওই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্র জানায়, উপজেলার বানেশ্বর কাচারি মাঠের সামনে বহু বছর ধরে এক দশমিক ৫০ একর সরকারি জমি দখল ছিল। অবৈধ দখলদাররা সে জমিতে প্রায় ৫০টির অধিক স্থাপনা ও দোকান নির্মাণ করে রাখে। বুধবার অভিযান পরিচালনা করে সেসব জায়গা দখলমুক্ত করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাস। ছবি : সময়ের আলো
পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাস বলেন, সরকারি নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়েছে। গত প্রায় দেড় মাস আগে থেকে মাইকিং করে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গতকালও মাইকিং করা হয়েছে। মূলত সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় রাস্তার ওপর হাট বসে। ফলে দুর্ঘটনা ও ট্রাফিক জ্যাম বানেশ্বর হাটে নিত্যদিনের সঙ্গী। যার কারণে অভিযান পরিচালনা করে জায়গাটি খালি করে দেওয়া হয়েছে।
তিনি আর বলেন, অভিযানের ফলে কৃষকরা তাদের পণ্য নিয়ে এখন থেকে আর রাস্তায় বসতে হবে না। সরকারি জায়গায় হাট বসাতে পারবে, এবং জনসাধারণের খুব উপকার হবে। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে উপজেলাটির সব সরকারি জায়গা-জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।