ব্যঙ্গ
এবং রসবোধের জন্য পরিচিত আইসল্যান্ড ক্রিকেট আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে
আলোচনার জন্ম দিয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে করা এক
মজার পোস্টে তারা বাংলাদেশের জায়গায় নিজেদের নাম বসিয়ে নতুন করে ট্রলের ঝড়
তুলেছে।
বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি থাকলেও এখনো
ভেন্যু চূড়ান্ত না হওয়ায় অনিশ্চয়তা রয়ে গেছে। আইসিসি ২০ দলের গ্রুপ ও সূচি
প্রকাশ করলেও বাংলাদেশ দলের ভারতে ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
এই
পরিস্থিতিকে ব্যঙ্গ করে বুধবার (৭ জানুয়ারি) আইসল্যান্ড ক্রিকেট তাদের
অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিশ্বকাপের গ্রুপ তালিকা প্রকাশ
করে। সেখানে দেখা যায়, ১৯টি দেশের নাম ঠিক থাকলেও ‘সি’ গ্রুপে বাংলাদেশের
পরিবর্তে যুক্ত করা হয়েছে আইসল্যান্ডের নাম।
পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কারা সবচেয়ে বেশি উত্তেজিত?’
নিরাপত্তাজনিত
উদ্বেগে বাংলাদেশ দলের ভারতে খেলা ঝুঁকিপূর্ণ হতে পারে- এই আশঙ্কা থেকে গত
রোববার আইসিসির কাছে বিকল্প ভেন্যুর আবেদন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনার পারদ চড়তে থাকে।
এরই
মধ্যে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে,
বাংলাদেশকে ভারতে খেলতেই হবে, নচেৎ পয়েন্ট কাটা যেতে পারে। কিছু ভারতীয়
গণমাধ্যমে এমন খবরও প্রকাশিত হয় যে, ভেন্যু পরিবর্তনের বিষয়ে বিসিবিকে
আল্টিমেটাম দিয়েছে আইসিসি।
আরও পড়ুন
তবে
এসব দাবি সরাসরি নাকচ করে বিসিবি। এক বিবৃতিতে বোর্ড জানায়, ‘বাংলাদেশ
দলের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয় আইসিসি গুরুত্বের সঙ্গে
বিবেচনা করবে।’
৩ জানুয়ারি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে
মোস্তাফিজুর রহমানের নাম বাদ পড়ার পর নিরাপত্তা ইস্যু নতুন করে সামনে আসে।
অনেকের প্রশ্ন- একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো দলকে
কীভাবে নিরাপত্তা দেওয়া হবে?
এ বিষয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির
চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও মন্তব্য করেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা
বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
আইসিসিতে পাঠানো চিঠির জবাব
পাওয়ার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের
বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,
‘প্রয়োজনে আইসিসির কাছে আমাদের অবস্থান আবারও পরিষ্কারভাবে তুলে ধরা হবে।’
এএডি/