তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের মর্যাদা ও নাগরিকের নিরাপত্তার স্বার্থেই ভারতের সঙ্গে ক্রিকেট ইস্যুতে প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, ‘যখন দেখি যে কোনো একটা দেশের আচরণে আমাদের দেশের জন্য মর্যাদাহানিকর বিবেচিত হচ্ছে, তাহলে সেখানে তো আমরা রেসপন্ড করার অধিকার অবশ্যই রাখি। এবং এ রেসপন্সটা আমরা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে করেছি। এখন এই জায়গাতে যদি আমাদের একটা রেসপন্স করার প্রয়োজন দেখা দেয়, তার অর্থ এ না যে অন্য সব জায়গায় আমরা একই রকম অ্যাটিটিউডে থাকবো।’
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যেখানে আমাদের মনে হয় যে আমাদের নিজের দেশের মর্যাদার স্বার্থে, নিজের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশকে তার পররাষ্ট্র নীতির যে একটা মূলমন্ত্র আছে, একই সঙ্গে একটা গাম্ভীর্য আছে, এটা বিশ্ব দরবারে তুলে ধরা দরকার, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো।’
সৈয়দা রিজওয়ানা বলেন, ‘যার সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রয়োজনে তার সঙ্গে তো চোখে চোখ রেখে কথা বলা যায়। সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে, ইন জেনারেল আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। আর ভারত হচ্ছে আমাদের বৃহত্তম প্রতিবেশী, তার সঙ্গে আমাদের সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ থাকবে— এটাই আমরা চাই।’
অন্য এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ান হাসান বলেন, বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিএনপির সেচ্ছাসেবক দলের নেতার হত্যা গুরুত্ব সহকারে তদন্ত করছে সরকার। নির্বাচনের আগে এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
প্রার্থী বাছাইয়ে কিছু দল ডিসিদের (জেলা প্রশাসক) বিরুদ্ধে অভিযোগ করছে- সে বিষয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে কোনো দল যদি রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় সে বিষয়ে কমিশন খতিয়ে দেখবে।
/এমএইচআর