নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান, নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার নোটিশটি দেন।
নোটিশে উল্লেখ বলা হয়েছে, ইকরামুল বারী নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে আসা ভিডিওতে দেখা যায়, গত মঙ্গলবার নওগাঁ-৪ আসনের নির্বাচনী এলাকার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও শোক সভা আয়োজিত হয়। এ সময় বক্তব্য দিতে গিয়ে তিনি ধানের শীষের পক্ষে ভোট চান। এছাড়া তার একটি ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে মঙ্গলবার বিভিন্ন এলাকায় গণসংযোগের ভিডিও আছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ, বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮ লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।
নোটিশে আরও বলা হয়, নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি নির্বাচনী কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু জানান, গত মঙ্গলবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোক সভার আয়োজন ছিল। সেখানে বক্তব্য দিতে গিয়ে আমি ভুলবশত ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেলেছি। এছাড়া আমার ফেসবুকের ভিডিওগুলো তফসিল ঘোষণার আগের ভিডিও। আদালত ব্যাখ্যা চেয়েছেন, আমি হাজির হয়ে আমার ব্যাখ্যা দেব।
সময়ের আলো/জেডআই