এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ক্যাপিটালস। ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে চড়ে ভালো শুরু পায় সিলেট। ৬ ওভারের পাওয়ারপ্লে শেষে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলে সিলেট টাইটান্স।
পাওয়ারপ্লে শেষে ভাঙে ওপেনিং জুটি। বিদায় নিয়েছেন তাওফিক খান। ২১ বলে ১৭ রান করেন তিনি। পরের ওভারে থেমেছেন দারুণ খেলতে থাকা ইমনও। ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। চারে নামা আফিফ হোসেন ধ্রুব খুব একটা সুবিধা করতে পারেননি। ৯ বলে ৬ রান করে বিদায় নেন তিনি।
আফিফের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন আরিফুল ইসলাম এবং আজমতউল্লাহ ওমরজাই। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে সিলেটের ইনিংস। একই ওভারে ফিরেছেন দুজন। ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে বিদায় নেন আরিফুল। অন্যদিকে ওমরজাই ২৩ বলে ৩৩ রানের ক্যামিও খেলেন।
শেষ দিকে ঝড় তোলেন সিলেটের জামাই মঈন আলী। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১৯তম ওভার থেকে মঈন নিয়ে ফেলেন ২৮ রান। শেষ ওভারে ৮ বলে ২৮ রান করা মঈন আউট হন। তবে ইথান ব্রুকস এবং মেহেদী হাসান মিরাজের তাণ্ডবে বড় সংগ্রহ তুলে ফেলে সিলেট টাইটান্স। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে সিলেট। শেষ ওভারে এসেছে ১৮০ রান। ২ বলে ৭ রান করে টিকে ছিলেন মিরাজ। ৪ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন ব্রুকস।
ঢাকার হয়ে ৩ উইকেট নেন জিয়াউর রহমান। ১টি করে উইকেট শিকার করেছেন নাসির হোসেন, সাইফ হাসান এবং ইমাদ ওয়াসিম।