‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এই আয়োজনে বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবারের আসরে থাকছে ব্যতিক্রমী আয়োজন। প্রথমবারের মতো কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার স্ক্রিনিং।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে উৎসবের সিনেমাগুলো লাবণী বিচ পয়েন্টে দেখানো হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজকরা।
এ সময় জানানো হয়, আগামী ১০ জানুয়ারি বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে পর্দা উঠবে এই উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চীনা পরিচালক চেন শিয়াং পরিচালিত ‘দি জার্নি টু নো এন্ড’। অনুষ্ঠান শুরু হবে ‘থিয়েটিক্যাল কোম্পানি ও জল তরঙ্গ’ গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নাট্যশালার মূল মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে বিনামূল্যে প্রদর্শিত হবে সিনেমাগুলো।
আগামী ১১ থেকে ১২ জানুয়ারি চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘টুয়েলফথ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা ২০২৬’ অনুষ্ঠিত হবে। এবারও ১১-১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব।
এতে অংশগ্রহণকারীদের জমা দেওয়া শ্রেষ্ঠ চিত্রনাট্য পাবে নগদ ৫ লাখ টাকা, দ্বিতীয় চিত্রনাট্য পাবে ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থান জয়ী পাবে ২ লাখ টাকা। ১৭ জানুয়ারি মাস্টারক্লাসে অংশ নেবেন সুইস ফিল্ম ম্যাগাজিন সিনেবুলেটিনের এডিটর ইন চিফ টেরেসা ভিনা, ক্রোয়েশিয়ার চলচ্চিত্র নির্মাতা ও বক্তা আলেকজান্দ্রা মারকোভিচ এবং বাংলাদেশের নির্মাতা ও প্রোডাকশন ডিজাইনার লিটন কর। এবারও থাকছে আর্ট এক্সিবিশন। সমাপনী দিনে দেখানো হবে এবারের উৎসবে সেরা পুরস্কার জিতে নেওয়া চলচ্চিত্রটি।
সময়ের আলো/এনএ