অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী রাফা নানজীবা তোরসা। চলতি বছরেই প্রেক্ষাগৃহে আসছে তার একাধিক সিনেমা। এ ছাড়া কাজ করছেন স্বল্পদৈর্ঘ্য। তোরসা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য ‘মাটি’ সিনেমার শুটিংয়ে।
এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ। এ ছাড়া, সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় বিশেষ স্বল্পদৈর্ঘ্য ‘রক্তছায়া’ এবং পূর্ণদৈর্ঘ্য ‘নির্জন স্বাক্ষর’। এই সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার। অনেক আগেই সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। তার মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ কান উৎসবকে টার্গেট করে নির্মিত হয়েছে বলে জানান এ অভিনেত্রী।
এ ছাড়া, নতুন আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। আপাতত পরিচালকের পক্ষ থেকে কিছু বলা নিষেধ আছে। অচিরেই এ সিনেমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে বলে জানিয়েছেন তোরসা। সিনেমা চারটি নিয়ে তোরসা বলেন, ভিন্ন চারটি গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে। আমিও চেষ্টা করেছি নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। বাকিটা দর্শক মুক্তির পর বলতে পারবেন কতটুকু পেরেছি।
এদিকে, কাহিনি অরিজিনাল ‘প্ল্যান বি’তে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তোরসা। ওয়েব কনটেন্টটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া, তার পডকাস্ট শো ‘শি’র প্রথম মৌসুম আলোচিত হয়েছিল। শিগগিরই দ্বিতীয় মৌসুম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। শোটির মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান তোরসা।
২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তার অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর থেকে নিয়মিত বেছে বেছে কাজ করছেন তিনি।
সময়ের আলো/এনএ