কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে নৌকা মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ জেলে মো. আলমগীর উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের মৃত ছৈয়দ বলির ছেলে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আহত জেলের বড় ভাই সরওয়ার আলম।
তিনি বলেন, বৃহস্পতিবার মাগরিবের পর আমার ভাই মো. আলমগীর ও আরেক জেলে মো. আকবর নাফ নদীর হোয়াইক্যং এলাকার বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরতে যান। নৌকায় থেকেই নদীতে জাল ফেলছিলেন তারা। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির বিকট শব্দ শোনা যায়। একপর্যায়ে আমার ভাই আলমগীর নৌকার ভেতরে লুটিয়ে পড়েন। পরে দেখা যায়, তার বাম হাত থেকে রক্ত ঝরছে এবং একটি গুলি বাম হাত ভেদ করে বের হয়ে গেছে। পরে সঙ্গে থাকা জেলের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আহত অবস্থায় আলমগীরকে প্রথমে কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, নাফ নদীতে মো. আলমগীর নামে এক জেলের হাতে গুলি লেগেছে বলে শুনেছি। তবে কারা গুলি করেছে, তা জানি না।
তিনি আরও বলেন, মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই গোলাগুলির শব্দ শোনা যায়, যার শব্দ এপারে ভেসে আসে। আজও কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
/এমএইচআর