৩০ সেন্টিমিটার বরফে ঢেকে গেছে ব্রিটেনের রাস্তা, স্থবির জনজীবন

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

টানা ভয়াবহ তুষারপাত ও শীতঝড়ের কারণে যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন অঞ্চলে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। রেড ও অ্যাম্বার সতর্কতার মধ্যেই তুষারঝড়

2026-01-09T16:40:52+00:00
2026-01-09T17:00:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
৩০ সেন্টিমিটার বরফে ঢেকে গেছে ব্রিটেনের রাস্তা, স্থবির জনজীবন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম 
৩০ সেন্টিমিটার বরফে ঢেকে গেছে ব্রিটেনের রাস্তা, স্থবির জনজীবন। সংগৃহীত ছবি
টানা ভয়াবহ তুষারপাত ও শীতঝড়ের কারণে যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন অঞ্চলে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। রেড ও অ্যাম্বার সতর্কতার মধ্যেই তুষারঝড় অব্যাহত রয়েছে। একইসঙ্গে ভারী তুষারপাতের ফলে সড়ক, রেলপথ ও আকাশপথে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। 

শক্তিশালী ঝড়ে মিডল্যান্ডস, ওয়েলস, উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় সড়কে ১০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। এর পাশাপাশি উঁচু ও পাহাড়ি এলাকায় কোথাও কোথাও বরফের স্তর ৩০ সেন্টিমিটার ছাড়িয়েছে। এছাড়াও শহরাঞ্চলের প্রধান সড়ক ও আবাসিক এলাকায় পুরু বরফ জমেছে। ফলে বাসিন্দারা ঘর থেকে বের হতে পারছে না। এ অঞ্চলগুলোতে নিজ নিজ বাড়ির সামনে বহু মানুষকে কোদাল ও ঝাঁটা দিয়ে বরফ সরাতে দেখা গেছে। 

বরফ সরানোতে জরিমানার ঝুঁকি নেই বলে উল্লেখ করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, আইন অনুযায়ী বাসিন্দারা নিজেদের বাড়ির সামনে থাকা ফুটপাত ও প্রবেশপথের বরফ নিরাপদভাবে অপসারণ করতে পারবেন। 
তারা আরও জানিয়েছে, রাতে বিভিন্ন শহরের রাস্তায় গাড়ি আটকে থাকার ঘটনাও ঘটেছে। অনেক জায়গায় চালকদের গাড়ি ছেড়ে হেঁটে নিরাপদ স্থানে যেতে দেখা গেছে। বরফে পিচ্ছিল হয়ে পড়ায় প্রধান সড়ক ও মোটরওয়েতে দুর্ঘটনার আশঙ্কায় পুলিশ একাধিক রুট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। 

সীমিত আকারে ট্রেন চললেও অধিকাংশ রুটে দীর্ঘ বিলম্ব ও বাতিলের খবর পাওয়া গেছে। বরফ ও ঝড়ের প্রভাবে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এমনকি বাস চলাচল অনেক এলাকায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

এদিকে বার্মিংহাম বিমানবন্দর ভারী তুষারপাতের কারণে রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখায় একাধিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। লন্ডন লুটন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে। প্রচণ্ড বাতাস ও বরফের চাপে গাছ উপড়ে পড়েছে বিভিন্ন এলাকায়। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। 

এছাড়া জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন সিটি কাউন্সিল বরফ অপসারণ ও গ্রিটিং কার্যক্রম জোরদার করেছে। 

বার্মিংহাম সিটি কাউন্সিল, ম্যানচেস্টার সিটি কাউন্সিলসহ একাধিক স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর গ্রিটিং লরি ও স্নো-প্লাউ মোতায়েন করে প্রধান সড়ক, হাসপাতালগামী রুট ও জরুরি পরিষেবার পথ পরিষ্কার রাখার চেষ্টা চলছে। পাশাপাশি প্রবীণ, প্রতিবন্ধী ও একা বসবাসকারী ব্যক্তিদের সহায়তায় স্বেচ্ছাসেবক দল মাঠে কাজ করছে।


কাউন্সিল কর্তৃপক্ষ জানায়, অগ্রাধিকারের ভিত্তিতে প্রধান সড়ক ও জরুরি রুট পরিষ্কার করা হচ্ছে। আবাসিক সড়ক ও বাড়ির সামনে জমে থাকা বরফ অপসারণে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে। জানানো হয়েছে, একটানা তুষারপাতের কারণে পরিষ্কার করা রাস্তায় পুনরায় বরফ জমে যাচ্ছে।

দুর্যোগের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক স্কুল অভিভাবকদের টেক্সট মেসেজ ও ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।

এক্ষেত্রে মেট অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ থাকতে পারে। তীব্র বাতাসের সঙ্গে নতুন করে তুষারপাতের আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ জনগণকে সরকারি নির্দেশনা অনুসরণ এবং জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।


/ইউএমএইচ


  বিষয়:   ব্রিটেন  তুষারঝড় 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: