শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হাজেরা বেগম (৩৬) নামের এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে তিনি মারা যান।
জানা গেছে, হাজেরা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুগাড়ি ইউনিয়নের আব্দুর রহিমের স্ত্রী। তিনি জন্মগত বাক্ প্রতিবন্ধী ছিলেন।
নিহতের স্বজন মেহের নেগার বলেন, ‘হাজেরা প্রচণ্ড শীতের কারণে বাড়ির উঠানে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে তার কোমর ও বুকের অংশে মারাত্মকভাবে পুড়ে যায়। শুক্রবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।’
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ ফাতেমা বলেন, ‘গত ৪ জানুয়ারি দগ্ধ অবস্থায় হাজেরা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ পুড়ে গিয়েছিল। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।’
তিনি বলেন, ‘শীত মৌসুমে দগ্ধ রোগীর সংখ্যা দুই থেকে তিন গুণ বেড়ে যায়। ফলে চিকিৎসা দিতে গিয়ে কিছুটা চাপের মুখে পড়তে হয়। তবুও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি।’
সময়ের আলো/কেএইচও