ঢাকায় মার্কিন দূতাবাসে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, তাই এই দেশে ফিরে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত।
শুক্রবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র দফতরে শপথ নেওয়া ক্রিস্টেনসেন আগামী ১২ জানুয়ারি ঢাকায় এসে দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন।
ঢাকার মার্কিন দূতাবাস নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছে, আমাদের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আমাদের দলের নেতৃত্ব দিয়ে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবেন।
ক্রিস্টেনসেন তার বক্তব্যে বলেন, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকার ও স্থানীয় কর্মীদের নিয়ে কাজ করতে পেরে আমি উচ্ছ্বসিত। আমাদের লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করা এবং প্রতিদিনের কাজের মাধ্যমে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।