নারায়ণগঞ্জের বন্দরে তাওহীদ (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাওহীদ উপজেলার আমিরাবাদ এলাকার মামুন মিয়ার ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় বালুর মাঠের পরিত্যক্ত ঝোপের ভেতর থেকে তাওহীদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, মাদক সেবন ও পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে তাওহীদের বাবা মামুন মিয়া বলেন, ‘বেকার থাকায় এলাকার মাদকাসক্ত যুবকদের সঙ্গে মিশে মাদক সেবনে জড়িয়ে পড়ে তাওহীদ। বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারিও হয়। দুইদিন আগে মুদি দোকানদার মোহাম্মদের সাথে বকেয়া টাকা নিয়ে তাওহীদের ঝগড়া হয়। ঝগড়ার পর মোহাম্মদ মোবাইলে হত্যার হুমকিও দেয়। ধারণা করছি, দোকানদার মোহাম্মদ ও তার ভাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’
বন্দর থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
সময়ের আলআ/এএ/এনএ