কক্সবাজারের টেকনাফে জেলেদের টানা জালে ধরা পড়েছে ১০৯ মণ ছুরি মাছ। মাছগুলো মোট আট লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) টানা জালের মালিক মৌলভী হাফেজ আহমদ এসব তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সকাল ৮টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া নৌঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা সমুদ্রে মাছ ধরতে যান। দুপুর একটার দিকে জাল টেনে তুললে ১০৯ মণ ছুরি মাছ পাওয়া যায়। মাছগুলো প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে স্থানীয় ব্যবসায়ী এখলাস মিয়ার কাছে বিক্রি করা হয়।
হাফেজ আহমদ আরও বলেন, আমি দুটি মাদরাসা পরিচালনা করি। প্রত্যেক মাদরাসার সভায় একটি করে গরু দিই। গতকাল মাদরাসার জন্য গরু কিনেছি, কিন্তু টাকা পরিশোধ করতে পারিনি। আল্লাহর রহমতে আমার জালে আজ প্রচুর মাছ ধরা পড়েছে।
স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া বলেন, শীতকালীন এই মৌসুমে সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যায়। ছুরি মাছগুলো আমি কিনেছি। এগুলো পরিষ্কার করে শুঁটকি বানানো হবে। পরে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে।
নৌকার মাঝি মো. ইসলাম জানান, একদিনে এতগুলো মাছ ধরতে পেরে আমরা সত্যিই অনেক খুশি।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা এখানে ঘুরতে এসে দেখেছি প্রচুর মাছ ধরা পড়েছে। মাছ দেখে অনেক আনন্দ লাগছে।
এফআর