নারায়ণগঞ্জে বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ।
তিনি বলেন, সন্ধ্যা আনুমানিক পৌনে ৬টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিকের শরীরের ‘সামান্য কিছু’ অংশ পুড়ে যায়। তাদের শরীরে কাঁচের আঘাত লাগে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের শরীরে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এদের মধ্যে ৩ জনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।