সিরিয়ার আলেপ্পো শহরে গভর্নরের বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে দেশটির কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)।
শনিবার (১০ জানুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসডিএফের ছোড়া ড্রোনটি ভবনের ভেতরে আঘাতের সময় সেখানে আলেপ্পোর গভর্নর এবং সরকারের দুজন মন্ত্রীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা সংবাদ সম্মেলন করছিলেন। তাদের কেউ হতাহত হয়েছেন কিনা এ ব্যাপারে জানা যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিরিয়ার সেনাবাহিনী এবং এসডিএফের মধ্যে আলেপ্পোর এলাকাগুলোর নিয়ন্ত্রণের জন্য লড়াই চলছে।
এদিকে গভর্নরের বাস ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
আলেপ্পোর স্বাস্থ্য অধিদফতরের মিডিয়া পরিচালক মুনির আল-মোহাম্মদ মঙ্গলবার থেকে চলা এসডিএফের হামলায় নিহতের নতুন সংখ্যা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এসডিএফের হামলায় বেসামরিক নাগরিকসহ মোট ২৩ জন নিহত এবং ১০৪ জন আহত হয়েছেন।’
সময়ের আলো/কেএইচও