কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় অগ্নিদগ্ধে চারজন নিহতের ঘটনায় বাস মালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয় নিশ্চিত করেন।
এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাস মালিক ইউসুফ মাঝি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের মৃত কালু মাঝির ছেলে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কে উল্টে যায় এবং বাসের নিচে একটি মোটরসাইকেল চাপা পড়ে। তাৎক্ষণিক বাস ও মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলেসহ বাসের দুই যাত্রী ঘটনাস্থলে অগ্নিদগ্ধে নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ২০ জন।
ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ওই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বাসটির চালক অদক্ষ ও বাসের ফিটনেস ছিল মেয়াদোত্তীর্ণ। যার দায় মালিক এড়াতে পারেন না। তাই ওই মামলায় বাসের মালিককে গ্রেফতার করা হয়েছে। বাসের চালককে গ্রেফতারের অভিযান চলছে।
এফআর