ফের ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় জম্মু-কাশ্মীর সীমান্তে একাধিক ড্রোন উড়তে দেখা গেছে।
ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, রোববার (১১ জানুয়ারি) নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানের দিক থেকে একাধিক সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে। নজরে আসার সঙ্গে সঙ্গে ভারতের সেনাবাহিনী তৎপর হয়। ড্রোনগুলো গুলি করে নামানোর আগেই পাকিস্তান সীমান্তের ভেতরে চলে যায়। এরপর হাই অ্যালার্ট ঘোষণা করেছে ভারতের নিরাপত্তাবাহিনী।
প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ভারতীয় এলাকায় সন্দেহভাজন ড্রোন নয়, জম্মু-কাশ্মীরে একটি সন্দেহজনক স্যাটেলাইট ফোনের সিগন্যালও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী।
সেনাবাহিনী অনুমান করছে, জম্মুতে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে এই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল। এই দুই ঘটনার পরই জম্মু-কাশ্মীরে যৌথ অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।
প্রতিবেদনে বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পুঞ্চ জেলার মানকোট সেক্টরে টোপার দিকে একটি ড্রোন দেখা যায়। প্রায় দশ মিনিট পর রাজৌরি সেক্টরের খাব্বার গ্রামের উপরে দ্বিতীয় একটি ড্রোন দেখা যায়, যা থেকে আলো জ্বলছিল এবং নিভছিল। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সাম্বার রামগড় সেক্টরের চক বরবল গ্রামের ওপরে আরও একটি ড্রোনের মতো বস্তু দেখা যায়, সেটিও একইভাবে আলো জ্বলছিল।
শুধু তাই নয় ভারতের নিরাপত্তা বাহিনী এদিন বিকেল সাড়ে তিনটার দিকে জম্মু থেকে উত্তর-পশ্চিম দিকে ১৮ কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্তের কাছে কানাচক থানা এলাকায় একটি স্যাটেলাইট ফোনে সন্দেহজনক সাঙ্কেতিক আদান-প্রদান চিহ্নিত করে।
সময়ের আলো/এআর