মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং ভেনেজুয়েলার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে সৃষ্টি হওয়া ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে বিকেলের দিকে তেলের দাম কিছুটা বাড়লেও দিনশেষে তা আবার নিম্নমুখী হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের কঠোর দমনের খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি তেহরানকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন।
গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বর্তমানে মার্কিন প্রশাসনের সক্রিয় বিবেচনায় রয়েছে। ট্রাম্প বলেন, আমাদের সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা অত্যন্ত কঠোর কিছু পদক্ষেপের কথা ভাবছি।
পাল্টা জবাবে ইরান বলেছে, ইরান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বৈদেশিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্রুপ এইচআরএএনএ বলেছে, তারা ৪৯০ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ১০ হাজার ৬০০ এরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানায়নি।
সময়ের আলো/এসকে/