বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা উদারনীতির রাজনীতি করি। আমি পরিকল্পনামন্ত্রী থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাকে বলেছেন, শুধু প্রাইভেট সেক্টরে উন্নয়ন নয়, উন্নয়নটাকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে। গ্রামের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
প্রায় দেড়শ বছরেও শ্রমিকদের অনেক দাবি পূরণ করা হয়নি মন্তব্য করে আব্দুল মঈন খান বলেন, আজও কেন শ্রমিকের সেই অধিকারগুলো আদায় হয়নি, কাদের কারণে হয়নি? শ্রমিকরা যদি দেশ গড়ার কারিগর হয়ে থাকে, তাদের দাবিদাওয়া দেশ পূরণ করবে না কেন? দেশের নেতৃত্ব কেন পূরণ করবে না?
শ্রমিকরাই মূলত দেশ গড়ার কারিগর উল্লেখ করে তিনি বলেন, ১৮৮৬ সালে যে দিন শ্রমিকরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, আজ শ্রমিকের অধিকার নিয়ে আপনারা যে দাবিদাওয়ার কথা তুলে ধরেছেন, সে সময়ও দাবিদাওয়া ছিল শ্রমিকরা ৮ ঘণ্টা কাজ করবে। সেদিন থেকে শুরু করে আজ প্রায় ১৫০ বছরেরও অধিক সময় পার হয়ে গেছে, তবুও তারা তাদের এই দাবি বাস্তবায়ন করতে পারেনি।
তিনি বলেন, আজ অধিকাংশ সময় শ্রমিকরা যে দাবিদাওয়ার কথা বলে, সেগুলো ঠিক সেই ১৮৮৬ সালেও ছিল।
উন্নত দেশের চেয়ে আমাদের দেশের চ্যালেঞ্জগুলো অনেক বড় উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জগুলো শুধু রাজনৈতিক দলগুলো মোকাবিলা করলে হবে না। সাধারণ মানুষ, শ্রমিক-জনতা যদি সঠিকভাবে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু জবাবদিহিতা নিশ্চিত হতে পারে। মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম পৃথিবীতে চলমান রয়েছে, আমাদের সেটি চালিয়ে নিতে হবে। কেননা শ্রমিকের অধিকার ছিনিয়ে নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না।
শ্রমিক অধিকার অ্যাডভোকেসি অ্যালায়েন্স (বিলস) আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলি আকন্দ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা নাজমুল হক প্রধান, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান, এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরিফুর রহমান প্রমুখ।
আরআর